মাঠে দাঁড়িয়েও বাবরকে চিনলেন না পাক কোচ, তুঙ্গে নেটপাড়ার মস্করা – এবেলা
এবেলা ডেস্কঃ
লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের আনন্দের মাঝে গদ্দাফি স্টেডিয়ামে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বাবর আজম। নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বিশেষ সম্মান নিতে এসে রীতিমতো উপেক্ষিত হতে হয় তাঁকে। খোদ প্রধান কোচ মাইক হেসন দলের বৈঠকের সময় সামনে দাঁড়িয়ে থাকা বাবরকে চিনতে না পেরে অপ্রস্তুত হয়ে পড়েন। কোচের এমন বিভ্রান্তি দেখে ক্রিকেটারদের মধ্যে হাসি রোল উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও কটাক্ষ।
অন্যদিকে বাবর আজমের ফর্ম নিয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বিগ ব্যাশ লিগে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও ২০ বলে মাত্র ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। নেটিজেনদের দাবি, দলের অভিজ্ঞ ক্রিকেটার হওয়া সত্ত্বেও পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় কোচের পক্ষে তাঁকে চেনা হয়তো কঠিন হয়ে পড়েছে। সাত বছর পর অজিদের হারিয়ে পাকিস্তান সিরিজ শুরু করলেও বাবরের ফর্ম এবং কোচের এই কাণ্ড এখন আলোচনার কেন্দ্রে।

