মাঠে বসেই রাতারাতি কোটিপতি গ্যালারির এই দর্শক
দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে বসে অবিশ্বাস্য ভাগ্যবদল এক ক্রিকেটপ্রেমীর। কেপ টাউন বনাম ডারবান সুপার জায়ান্টস ম্যাচে ব্যাটার রায়ান রিকলটনের মারা একটি বিশাল ছক্কা এক হাতে তালুবন্দি করেন ওই দর্শক। টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরলে রয়েছে বড় অঙ্কের পুরস্কার। এই দারুণ দক্ষতায় ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা জিতে নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যালারির ভিড়ে মাথা ঠান্ডা রেখে বাঁ-হাতে নিখুঁত ক্যাচ ধরেন ওই ব্যক্তি। যদিও ম্যাচে কেপ টাউন পরাজিত হয়েছে, কিন্তু রিকলটনের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ওই দর্শক এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে এক ক্যাচেই কোটিপতি হওয়ার এই বিরল ঘটনা ক্রীড়ামহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

