মাঠ ও মনের জয়: জিম্বাবুয়ে সফরে গিয়ে তরুণী ভক্তের আবদার মেটালেন তিলক বর্মা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাইশ গজের পর এবার মাঠের বাইরেও নেটিজেনদের মন জয় করলেন ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জেতানোর পর এক বিদেশি ভক্তের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এই তরুণী অন্য কেউ নন, জিম্বাবোয়ের ক্রিকেটার ব্র্যাড ইভান্সের বোন রেবেকা, যিনি তিলকের অন্ধ ভক্ত।
ইভান্সের অনুরোধে তিলক সরাসরি ভিডিও কলে রেবেকার সঙ্গে কথা বলেন এবং তাঁকে ধন্যবাদ জানান। কথোপকথনের সময় তিলক প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে জিম্বাবুয়ে সফরে গেলে তিনি অবশ্যই রেবেকার সঙ্গে দেখা করবেন। ভারত থেকে জিম্বাবোয়ের দূরত্ব প্রায় ৬০০০ কিলোমিটার হলেও, প্রিয় তারকার এই আন্তরিক আচরণে আপ্লুত ওই তরুণী।
আইসিসি-র শেয়ার করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ভক্তরা তিলকের এই নম্র ব্যবহারের প্রশংসা করছেন। যদিও রসিকতা করে অনেকে বলছেন, ইভান্স ম্যাচে প্রচুর রান দিলেও তিলক সৌজন্যবশত তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন। ১৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংসের পাশাপাশি তিলকের এই মানবিক রূপ এখন চর্চার কেন্দ্রে।

