মাত্র ২-এর ঘরের নামতা বলতে পারল না পাত্র, বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন কনে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মহোবা জেলায় এক বিচিত্র ঘটনার জেরে ভেঙে গেল বিয়ে। বিয়ের আসরে মালাবদলের সময় পাত্রের আচরণে সন্দেহ হওয়ায় কনে তাকে সহজ একটি পরীক্ষা দিতে বলেন। কনে সরাসরি পাত্রকে ২-এর ঘরের নামতা শোনানোর অনুরোধ করেন। কিন্তু একাধিক চেষ্টার পরেও পাত্র সঠিকভাবে নামতা বলতে ব্যর্থ হলে কনে তৎক্ষণাৎ বিয়ে করতে অস্বীকার করেন। সারা রাত ধরে বোঝানোর পরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কনে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ের মণ্ডপে তুমুল উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ডাকা হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়। উভয় পক্ষই একে অপরকে দেওয়া গয়না ও উপহার সামগ্রী ফেরত দিতে সম্মত হয়েছে। শিক্ষাগত যোগ্যতার অভাবের কারণে বিয়ের এই মর্মান্তিক পরিণতি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই কনের সাহসিকতার প্রশংসা করছেন।

