মাথাভাঙায় খুদে পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কারের অভিযোগ, অসুস্থ ৩ ছাত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের রামঠেঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির তিন ছাত্রকে দিয়ে শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ঘটনার পর থেকেই তিন পড়ুয়া শারীরিক অসুস্থতায় ভুগছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার স্কুল চত্বরে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রদর্শন করেন।
অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক বিনয়কৃষ্ণ দাস জোরপূর্বক শিশুদের দিয়ে নোংরা পরিষ্কার করিয়েছেন, যার ফলে তারা জ্বর ও বমিতে আক্রান্ত হয়েছে। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে পড়ুয়ারা স্বেচ্ছায় জল দিতে গিয়েছিল। মাথাভাঙা-৩ নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক নাতেশা পারভীন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

