লেটেস্ট নিউজ

মাথাভাঙায় ভোটের লড়াই: ভাড়াবাড়িতে নিশীথ, ঘরের ছেলে সাবলুতেই ভরসা তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর নির্বাচনী প্রচার কৌশলে পরিবর্তন এনেছেন। শুরুতে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করে প্রচার চালানোয় দলের অন্দরে গুঞ্জন শুরু হলে, তিনি তড়িঘড়ি মাথাভাঙা শহরের কলেজমোড় সংলগ্ন এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেছেন। সেখান থেকেই এখন তাঁর যাবতীয় দলীয় কাজকর্ম ও জনসংযোগ পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মন তাঁর নিজস্ব বাসভবন থেকেই প্রচারের কাজ সামলাচ্ছেন। মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ এলাকায় তাঁর বাড়ি হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সংযোগ রয়েছে। অধ্যাপক ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে পূর্বপরিচিতি থাকায় তিনি ঘরের ছেলে হিসেবেই বাড়তি সুবিধা পাচ্ছেন বলে দাবি রাজনৈতিক মহলের।

বাম প্রার্থী খগেন বর্মনও নিজের ১০ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকেই প্রচার চালাচ্ছেন। বিজেপি প্রার্থী নিশীথের পরিচিতি থাকলেও কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে নিচুতলার কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে, আত্মীয়-পরিজন ও বন্ধুদের নিয়ে সাবলু বর্মন এলাকায় শক্তিশালী অবস্থান তৈরি করেছেন, যা এই নির্বাচনী লড়াইকে জমজমাট করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *