লেটেস্ট নিউজ

মানবিক অভিষেক: সাইকেল থেকে পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামালেন সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এক বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে ফের মানবিকতার নজির গড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে বিষ্ণুপুরের শিবমন্দির সংলগ্ন বড় কাছারি এলাকায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। রাস্তার উল্টো দিক থেকে আসা এক বৃদ্ধ সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তৎক্ষণাৎ নিজের কনভয় থামানোর নির্দেশ দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

গাড়ি থেকে দ্রুত নেমে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ওই বৃদ্ধের কাছে পৌঁছে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। বৃদ্ধের কোথাও চোট লেগেছে কি না বা তিনি সাইকেল চালিয়ে যেতে পারবেন কি না, তা অত্যন্ত সহমর্মিতার সঙ্গে জানতে চান তিনি। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে ওই বৃদ্ধকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।

বিষ্ণুপুরের এই এলাকায় গত বছর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকানদারদের হাতে নতুন চাবি তুলে দেওয়ার কর্মসূচি ছিল সাংসদের। সেই প্রতিশ্রুতি পালনের পথেই এই দুর্ঘটনাটি তাঁর নজরে আসে। বৃদ্ধের নিরাপত্তা নিশ্চিত করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর গন্তব্যের দিকে রওনা হন এবং নির্ধারিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নতুন দোকানের চাবি হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *