লেটেস্ট নিউজ

মানহানি মামলায় মহারাষ্ট্রের আদালতে হাজির রাহুল গান্ধী, নিযুক্ত নতুন জামিনদার

মহাত্মা গান্ধী হত্যা নিয়ে আরএসএস-এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় শনিবার মহারাষ্ট্রের ভিওয়ান্ডি ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৪ সালে নির্বাচনী জনসভায় দেওয়া ওই বক্তব্যের প্রেক্ষিতে সঙ্ঘ কর্মী রাজেশ কুন্তের দায়ের করা মামলায় এদিন নতুন জামিনদার নিযুক্ত করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের কালো পতাকা ও বিক্ষোভের মুখে পড়েন লোকসভার বিরোধী দলনেতা।

রাহুল গান্ধীর পূর্ববর্তী জামিনদার শিবরাজ পাটিল প্রয়াত হওয়ায় আইনি বাধ্যবাধকতায় তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হয়। এদিন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালকে তাঁর নতুন জামিনদার হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে আদালত। প্রায় আধঘণ্টার এই প্রক্রিয়ায় জামিন বন্ডে স্বাক্ষরসহ প্রয়োজনীয় সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ হয়েছে।

রাহুলের আইনজীবী নারায়ণ আইয়ার জানান, বিচার ব্যবস্থার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। আদালত রাহুল গান্ধীকে ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ী অব্যাহতি দিলেও মামলার পরবর্তী পর্যায়ে তদন্তকারী আধিকারিকদের জেরা জারি থাকবে। রাজেশ কুন্তের অভিযোগ ছিল, সঙ্ঘের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করে রাহুল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ ও বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *