লেটেস্ট নিউজ

মান ভাঙাতে সংবর্ধনা? ভোটার দিবসে ৫৮৮ বিএলও-কে সম্মান কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা বুথ লেভেল অফিসারদের (বিএলও)। অতিরিক্ত কাজের চাপে রাজ্যে একাধিক বিএলও-র মৃত্যু ও অসুস্থতার ঘটনায় যখন ক্ষোভ তুঙ্গে, ঠিক তখনই তাঁদের ‘মান ভাঙাতে’ ময়দানে নামল কমিশন। আজ, রবিবার ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে রাজ্যের ৫৮৮ জন বিএলও এবং ২৯৪ জন এইআরও-কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ও রাজ্যের অন্যান্য প্রান্তের বিএলও-দের একাংশের দাবি, এই সংবর্ধনা আসলে ‘ক্ষতে প্রলেপ’ দেওয়ার চেষ্টা মাত্র। ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজে দিনরাত এক করে খাটতে হচ্ছে তাঁদের। অভিযোগ, যখন-তখন কমিশনের নির্দেশিকা এবং কাজের চাপে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। জেলায় জেলায় বহু বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কমিশন সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে দু’জন করে সেরা কর্মীর নাম চেয়ে পাঠানো হয়েছিল। যাঁরা নির্দিষ্ট সময়ে নির্ভুল কাজ করেছেন এবং সহকর্মীদের সাহায্য করেছেন, তাঁদেরই বাছাই করা হয়েছে। তবে এই পুরস্কার নিয়ে বিএলও মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদলের মতে, হাড়ভাঙা খাটুনির পর এই স্বীকৃতি প্রাপ্য। অন্যদিকে, বিরোধীদের কটাক্ষ— পরিস্থিতি বেগতিক বুঝেই কি হঠাৎ বিএলও-দের প্রতি সদয় হলো কমিশন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *