মায়ের গলায় ওড়নার ফাঁস দিয়ে পলাতক ছেলে গ্রেপ্তার, বাগুইআটিতে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বাগুইআটির জগৎপুর কাঠপোল এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিয়ের জেরে মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে রুদ্রদীপ সর্দার (২২) নামে এক যুবক তার মা রুমা চক্রবর্তীকে (৪৩) শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে মহিলার নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক রুমাদেবীর প্রথম পক্ষের সন্তান এবং বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন রুমাদেবীর দ্বিতীয় স্বামী কাজ থেকে ফিরে ফ্ল্যাটে তালাবন্ধ অবস্থায় দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক ছিল।
পুলিশি তৎপরতায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নদীয়া জেলার মায়াপুর থেকে অভিযুক্ত রুদ্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মায়ের দ্বিতীয় বিয়ে এবং আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিবাদই এই চরম পরিণতির মূল কারণ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক সময় ও কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

