মার্কিন প্রস্তাব খারিজ: যুদ্ধবিরতিতে ট্রাম্পকে পাল্টা পাঁচ শর্ত দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া প্রস্তাবটি একপাক্ষিক এবং বাস্তববিবর্জিত। অতীতে আলোচনার নামে ওয়াশিংটন প্রতারণা ও সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে ইরান জানিয়েছে, তাদের নিজস্ব পাঁচটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধের ইতি টানা হবে না।
ইরানের দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—মার্কিন ও ইজরায়েলি সামরিক অভিযান এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করা, ভবিষ্যতে হামলার না চালানোর নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। এছাড়া, আঞ্চলিক সংঘর্ষের সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতি কার্যকর করাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকার করে নেওয়ার দাবি জানানো হয়েছে।
সম্প্রতি মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর এই সংঘাত চরম আকার ধারণ করেছে। অন্যদিকে, ওয়াশিংটন তাদের প্রস্তাবে পরমাণু কর্মসূচিতে নিয়ন্ত্রণ ও ক্ষেপণাস্ত্রের সীমা নির্ধারণের শর্ত দিয়েছিল। হরমুজ প্রণালী ঘিরে চলমান এই অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।

