লেটেস্ট নিউজ

মার্কিন বাহিনীকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুমকি ইরানের, যুদ্ধের মাঝে ত্রাতা হওয়ার চেষ্টা পাকিস্তানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসলামাবাদে তুর্কি, মিশর ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক ডার এক চাঞ্চল্যকর ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের শত্রুতা ভুলে আমেরিকা ও ইরান যাতে আলোচনার টেবিলে বসে, তার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে পাকিস্তান। দুই দেশই নাকি এই প্রক্রিয়ায় ইসলামাবাদের ওপর ভরসা রেখেছে।

তবে এই শান্তি আলোচনার আবহ তৈরি হতেই সুর চড়িয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের কলিবাফ সাফ জানিয়েছেন, এই আলোচনা আসলে একটি সাজানো নাটক। মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা নামানোর কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ইরানি বাহিনী মার্কিন সেনাদের জীবন্ত পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য মুখিয়ে আছে। শুধু তাই নয়, ইজরায়েল ও আমেরিকার সামরিক কর্তাদের বাড়িতে হামলার হুমকিও দিয়েছে তেহরান।

এদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করা হবে। এর ফলে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিয়ে চরম সংকট তৈরি হয়েছে। তেহরানে ইজরায়েলি বিমান হামলার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পরে তা স্বাভাবিক করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *