মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
সরাসরি হুঁশিয়ারি দেওয়ার এক ঘণ্টার মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চল থেকে একটি ক্রুজ মিসাইল রণতরীটি লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে এই হামলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই অভিযানের আগে ইরানের নৌবাহিনী মার্কিন রণতরীটিকে টার্গেট করার বিষয়ে কড়া সতর্কতা জারি করেছিল। নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি জানান, মার্কিন জাহাজটি তাদের নজরদারিতে রয়েছে এবং সীমানায় প্রবেশ করলেই আঘাত হানা হবে। তেহরানের সামরিক কর্তারা বিষয়টিকে আমেরিকার ‘কৌশলগত পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন এবং ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছেন।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটাম এবং আলোচনার দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি স্পষ্ট জানিয়েছেন, ইরানের জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামোয় আঘাত করা হলে পালটা জবাব দেওয়া হবে। সামগ্রিক পরিস্থিতিতে ওই অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

