লেটেস্ট নিউজ

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: লোহিত সাগরে ব্যাহত সামরিক অভিযান – এবেলা

এবেলা ডেস্কঃ

লোহিত সাগরে মোতায়েন বিশ্বের বৃহত্তম মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মার্কিন প্রশাসন জানিয়েছে, জাহাজের লন্ড্রি বিভাগ থেকে সৃষ্ট আগুনে প্রায় ২০০ জন নাবিক অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনীয় মেরামতির জন্য রণতরীটিকে আপাতত গ্রিসের সুদা বে বন্দরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে জাহাজের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০০টি আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে ইঞ্জিন অক্ষত থাকলেও দীর্ঘ ৯ মাস টানা সমুদ্রে মোতায়েন থাকায় জাহাজের সামগ্রিক সক্ষমতা ও নাবিকদের মানসিক চাপ নিয়ে প্রশ্ন উঠছে। পেন্টাগন জানিয়েছে, অগ্নিনির্বাপক দল দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পাঁচ হাজারেরও বেশি নাবিক ও ৭৫টি যুদ্ধবিমান সজ্জিত এই রণতরীটি সাময়িকভাবে সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এই জাহাজটি প্রধান শক্তি হিসেবে কাজ করছিল। মেরামতি শেষ করে এটি কবে নাগাদ পুনরায় রণক্ষেত্রে ফিরতে পারবে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *