লেটেস্ট নিউজ

মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডে রহস্যময় অগ্নিকাণ্ড, তদন্তে নৌবাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌসেনার সর্বাধুনিক পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পেন্টাগন জানিয়েছে, গত ১২ মার্চ সৌদি আরব উপকূলের কাছে জাহাজের লন্ড্রি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুইজন নাবিক আহত হয়েছেন। বর্তমানে রণতরীটিকে জরুরি মেরামতির জন্য গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও মার্কিন নৌবাহিনী নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। অভিযোগ উঠেছে, দীর্ঘ ৯ মাস সমুদ্রে মোতায়েন থাকায় এবং জাহাজের ত্রুটিপূর্ণ পয়ঃপ্রণালী ব্যবস্থার কারণে নাবিকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। এই মানসিক চাপ থেকে নাবিকরা নিজেরাই রণতরীতে আগুন ধরিয়ে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। যদিও সেন্টিকম এই অগ্নিকাণ্ডকে অ-যুদ্ধকালীন ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে, যুদ্ধ বিশেষজ্ঞদের একাংশ পেন্টাগনের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ইরানের সাথে চলমান সংঘাতের সময় রণতরীটি শত্রু পক্ষের হামলার শিকার হতে পারে, যা ধামাচাপা দিতেই নাবিকদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। একই সময়ে একটি মার্কিন এফ-৩৫এ যুদ্ধবিমানের জরুরি অবতরণ ঘিরেও দানা বেঁধেছে রহস্য। জল ও আকাশপথে আমেরিকার এই সাম্প্রতিক ক্ষয়ক্ষতি পশ্চিম এশিয়ায় তাদের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *