মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে না স্টারমার সরকারের, উত্তপ্ত পরিস্থিতি
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার লক্ষ্যে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের মার্কিন অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের কিয়ার স্টারমার সরকার। গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি না মেলায় মধ্যপ্রাচ্য ছাপিয়ে উত্তেজনা এখন ইউরোপেও ছড়িয়েছে। ব্রিটিশ সরকার স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও নিজস্ব নীতি লঙ্ঘন করে তারা এই অভিযানে অংশ নেবে না।
লন্ডনের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়াকে তিনি ‘মস্ত ভুল’ বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই মতপার্থক্যের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জের ভবিষ্যতের ওপর।
বর্তমানে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর এবং ডিয়েগো গার্সিয়াকে দীর্ঘমেয়াদী লিজে দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটেন। তবে ট্রাম্প প্রশাসন এই হস্তান্তরের কড়া সমালোচনা করায় ৩৫ বিলিয়ন পাউন্ডের এই চুক্তি এখন অনিশ্চয়তার মুখে। ওয়াশিংটন ও লন্ডনের এই সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

