মার্কিন হামলায় সস্ত্রীক বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার সকালে ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। বন্দি করার পর মাদুরোকে সস্ত্রীক ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর লাতিন আমেরিকায় এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সরাসরি হস্তক্ষেপ।
দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক কারবার ও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছিল ওয়াশিংটন। অন্যদিকে, মাদুরোর দাবি ছিল আমেরিকার মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার দখল করা। বর্তমানে এই সামরিক অভিযান ও গ্রেপ্তারের খবরে পুরো বিশ্বে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা সত্যতা নিশ্চিত করা হয়নি।

