লেটেস্ট নিউজ

মালদহে রান্নার গ্যাস নিয়ে লঙ্কাকাণ্ড: সিলিন্ডার না পেলেও ফোনে ঢুকছে ‘ডেলিভার্ড’ মেসেজ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহের ইংলিশবাজার শহরে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। গ্রাহকদের অভিযোগ, সিলিন্ডার হাতে পাওয়ার আগেই মোবাইল ফোনে ‘ডেলিভার্ড’ মেসেজ চলে আসছে, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ভর্তুকির টাকাও। মঙ্গলবার ক্ষুব্ধ উপভোক্তারা স্থানীয় গ্যাস এজেন্সির অফিস বন্ধ দেখে সুকান্ত মোড় থেকে মালদহ টাউন স্টেশনগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, মার্চের মাঝামাঝি সময়ে বুকিং করা সত্ত্বেও বাড়িতে গ্যাস পৌঁছায়নি, অথচ সিস্টেমে তা ডেলিভারি হিসেবে দেখানো হচ্ছে। ডেলিভারি বয়দের ফোন বন্ধ থাকায় এবং এজেন্সির অফিস তালাবন্ধ মেলায় কালোবাজারির আশঙ্কা করছেন অনেকে। শুভশ্রী কুণ্ডু ও জয়ন্ত হালদারের মতো বাসিন্দারা জানান, ক্যাশ মেমো কাটা এবং ভর্তুকি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবে সিলিন্ডার উধাও।

এজেন্সি কর্মী আব্দুল হালিম জানান, কো ম্পা নি ১০ কেজির সিলিন্ডার চালুর সিদ্ধান্ত নেওয়ায় পুরনো বুকিংগুলো সিস্টেমে ‘ডেলিভারি’ দেখানো হয়েছে। পানাগড় থেকে গাড়ি এলেই গ্রাহকদের গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে তাঁর দাবি। তবে উত্তরবঙ্গ ও সিকিম এলপিজি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি সোমেশ চন্দ্র দাস স্পষ্ট করেছেন যে, রাজ্যে গ্যাসের কোনো সংকট নেই; সংশ্লিষ্ট অফিসের অব্যবস্থাপনার কারণেই এই ভোগান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *