লেটেস্ট নিউজ

মালদায় আদিবাসীদের গণ-ধর্মান্তকরণ ও শংসাপত্র অপব্যবহারের অভিযোগে উত্তাল শহর – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রলোভন দেখিয়ে গণ-ধর্মান্তকরণ এবং সরকারি শংসাপত্রের অপব্যবহারের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল জেলা শহর। বুধবার একটি আদিবাসী সংগঠন ও হিন্দু কমিউনিটি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের দাবি, গত এক বছরে জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল ও পুরাতন মালদা ব্লক থেকে প্রায় ২০ হাজার আদিবাসীকে ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। অসুস্থতা সারানো বা সন্তান লাভের মতো নানা প্রলোভন দেখিয়ে একটি ‘বহিরাগত শক্তি’ অত্যন্ত গোপনে এই প্রক্রিয়া চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, যারা ধর্মান্তরিত হয়ে অন্য ধর্ম গ্রহণ করছেন, তারা নথিতে আদিবাসী পরিচয় বজায় রেখে সরকারি সংরক্ষণ ও প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এর ফলে প্রকৃত আদিবাসীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র হবিবপুর ব্লকেই প্রায় ১১ হাজার এবং গাজোল ব্লকে সাড়ে ৮ হাজার মানুষের ধর্মান্তকরণ ঘটেছে। এই শংসাপত্র জালিয়াতি ও অপব্যবহার রুখতে প্রশাসনের কড়া হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনকারী নেতৃত্ব। অরাজনৈতিক এই প্রতিবাদে আদিবাসী সমাজের সহজ-সরল আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সরব হয়েছেন তারা।

এদিন দুপুরে জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠ থেকে শুরু হওয়া বিশাল এই র‍্যালির কারণে মালদা শহরের রাজপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। মিছিল শেষে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। হিন্দু কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে এই ধর্মান্তকরণ ও শংসাপত্র জালিয়াতি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *