লেটেস্ট নিউজ

মালদায় রামনবমীর মিছিলে কচি-কাঁচাদের হাতে ধারালো তরোয়াল ও খড়্গ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা শহরের বুকে রামনবমীর মিছিলে এক অভূতপূর্ব ও উদ্বেগজনক দৃশ্য ধরা পড়ল যা ঘিরে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। ইংরেজবাজারের রাস্তায় শত শত নাবালকের হাতে দেখা গেল চকচকে তরোয়াল, ভোজালি এবং পাঠাবলি দেওয়ার ভারী খড়্গ। কড়া পুলিশি নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ছোট ছোট ছেলেদের এই রণংদেহি মেজাজ দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ পথচারীরা।

রামকৃষ্ণপল্লির মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলে এক বিশাল জনসমাগম ঘটে। অরাজনৈতিক তকমা দিয়ে মিছিল শুরু হলেও সেখানে পা মেলাতে দেখা যায় ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি এবং দক্ষিণ মালদার জেলা নেতৃত্বকে। মিছিলের জেরে কয়েক ঘণ্টার জন্য কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা শহর। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সামনেই কীভাবে নাবালকদের হাতে এই ধরনের বিপজ্জনক অস্ত্র তুলে দেওয়া হলো তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে বিজেপির ভয়ের সংস্কৃতি বলে তোপ দেগেছে। জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসুর দাবি ভোটের আগে নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি জানিয়েছেন এটি বহু বছরের পরম্পরা এবং দেবতাদের হাতেও অস্ত্র থাকে তাই ভক্তির বশেই সাধারণ মানুষ মিছিলে সামিল হয়েছেন। রাজনৈতিক এই চাপানউতোরের মাঝে শিশুদের হাতে ধারালো অস্ত্রের আস্ফালন সাধারণ মানুষের মনে গভীর আশঙ্কার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *