মালবাজারে প্রার্থীর নাম ঘোষণায় তুলকালাম ক্ষুব্ধ বিজেপি কর্মীদের তাণ্ডবে রণক্ষেত্র দলীয় কার্যালয় – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালবাজারের গুরজং ঝোড়া মোড়। শুক্রা মুণ্ডার নাম ঘোষণা হতেই ‘বহিরাগত’ তকমা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। কয়েকশো বিক্ষোভকারী দলীয় কার্যালয়ের লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন এবং মোদী-শাহের পোস্টারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।
পরিস্থিতি সামাল দিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিপুত্র নেতার দাবিতে অনড় বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন যে অবিলম্বে প্রার্থী বদল না করলে তারা নির্বাচনী প্রচারে নামবেন না। উত্তরবঙ্গে বিজেপির অন্দরে আদি বনাম নব্যের এই লড়াই এখন রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

