লেটেস্ট নিউজ

মালিককে না জানিয়েই কুকুর হস্তান্তর! দিল্লির নামী পশু সেবা কেন্দ্রকে বিরাট জরিমানা আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

পোষা কুকুর বেআইনিভাবে নিজেদের হেফাজতে রাখা এবং আদালতের অনুমতি ছাড়া তৃতীয় পক্ষকে হস্তান্তরের দায়ে সঞ্জয় গান্ধী অ্যানিমাল কেয়ার সেন্টারকে (SGACC) ২ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লির একটি আদালত। অতিরিক্ত দায়রা বিচারক সুরভী শর্মা ভাটস জানান, সংস্থাটি ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট’ লঙ্ঘন করে উদ্দেশ্যপ্রণোদিত কাজ করেছে। মালিক অভিযুক্ত হলেও আইনি প্রক্রিয়া ছাড়া তাঁর পোষ্য কেড়ে নেওয়া যায় না বলে সাফ জানিয়েছে আদালত।

আগামী তিন দিনের মধ্যে জরিমানার এই অর্থ সরকারি পশু কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আদালত স্পষ্ট করেছে যে, পশু কল্যাণের নামে কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়। আদালতের নির্দেশ অমান্য করে কুকুরের মালিক বিশালের অধিকার খর্ব করায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অর্থ ন্যাশনাল লাইভস্টক মিশনের কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *