লেটেস্ট নিউজ

মিশরের ফ্যারাওদের সমাধিতে ২ হাজার বছরের পুরনো তামিল রহস্যের হদিস – এবেলা

এবেলা ডেস্কঃ

মিশরের বিশ্বখ্যাত ‘ভ্যালি অব কিংস’ বা ফ্যারাওদের রহস্যময় সমাধিক্ষেত্রে এবার মিলল প্রাচীন ভারতের পদচিহ্ন। পাথর কেটে বানানো ফ্যারাওদের সেই দুর্ভেদ্য ভূমিতে দুই হাজার বছরের পুরনো তামিল-ব্রাহ্মী শিলালিপির সন্ধান পেয়েছেন গবেষকরা, যা প্রাচীন বিশ্ববাণিজ্যের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

সুইস গবেষক ইঙ্গো স্ট্রউচ ফ্যারাওদের এই সমাধিক্ষেত্রে গবেষণার সময় অবাক করা কিছু প্রস্তরলিপির হদিস পান। ১৬০০ খ্রিস্টপূর্বাব্দের এই প্রাচীন সমাধিগুলোর দেওয়ালে খোদাই করা রয়েছে তামিল বণিকদের নাম। গবেষণায় দেখা গেছে, আজ থেকে প্রায় দুই সহস্রাব্দ আগে এক তামিল বণিক সেখানে গিয়েছিলেন। ছয়টি সমাধির মধ্যে পাঁচটিতেই মোট আটটি জায়গায় নিজের নাম খোদাই করে রেখেছিলেন তিনি।

তামিল-ব্রাহ্মী হরফে লেখা সেই নামটি হলো ‘সিকাই কোত্রান’। তামিল ভাষায় ‘সিকাই’ শব্দের অর্থ মুকুট এবং ‘কোত্রান’ মানে নেতা বা রাজা। শুধু তামিল নয়, সেখানে প্রাকৃত লিপির উপস্থিতিও পাওয়া গিয়েছে। এই আবিষ্কার প্রমাণ করে যে, যিশু খ্রিস্টের জন্মের সমসাময়িককালেও ভারতের সঙ্গে মিশরের অত্যন্ত গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল।

সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘তামিল এপিগ্রাফি কনফারেন্স’-এ সুইৎজারল্যান্ডের লরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ইঙ্গো স্ট্রউচ এবং ফ্রেঞ্চ স্কুল অব এশিয়ান স্টাডিজের শারলট স্কিমিড তাঁদের এই চাঞ্চল্যকর গবেষণাপত্রটি পেশ করেন। স্কিমিডের সহায়তায় এই প্রাচীন লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিহাসের এই নতুন তথ্য ভারত ও মিশরের প্রাচীন সেতুবন্ধনকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *