মীরপুরে টাইগারদের তোপে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ঘরের মাঠে রাজকীয় প্রত্যাবর্তন ঘটাল বাংলাদেশ। বুধবার মীরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। ৯৯ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাইশ গজে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল। মাত্র ৩১ ওভারের মধ্যেই অল-আউট হয়ে যায় তারা। এক সময় ৮২ রানে ৯ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে ছিল সফরকারীরা, তবে শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আব্রার আহমেদের ৩২ রানের লড়াকু জুটিতে স্কোরবোর্ড একশ পার করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম। পাকিস্তানের মিডল অর্ডার এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, মাত্র ২৭ রানের ব্যবধানে ৭টি উইকেটের পতন ঘটে। দলের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে সক্ষম হন।
বাংলাদেশের হয়ে বল হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন ২৩ বছর বয়সী তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ২৪ রান খরচ করে তিনি একাই তুলে নেন ৫টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে মেহেদি হাসান মিরাজ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট পান।
এদিন বাবর আজমকে ছাড়াই মাঠে নেমেছিল পাকিস্তান। ওয়ানডে অভিষেক হয় আব্দুল সামাদ, মাঝ সাদাকাত, শাহিবজাদা ফারহান ও শামাইল হুসেনের। তবে অভিষেকে শাহিবজাদা ফারহানের ২৭ রান ছাড়া বাকিরা কেউই সুবিধা করতে পারেননি। মীরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্র ও রবিবার।

