লেটেস্ট নিউজ

মীরপুরে নাহিদ রানার আগুনে বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর লক্ষ্যে মীরপুরে নেমেছিল পাকিস্তান। কিন্তু দল বদলালেও বদলাল না ভাগ্য। বাবর আজম বিহীন পাক বাহিনী বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেল। কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দিলেন তরুণ পেসার নাহিদ রানা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের শুরুটা মন্দ ছিল না, পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ২৪ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তবে নাহিদ রানা আক্রমণে আসতেই দৃশ্যপট বদলে যায়। ব্যক্তিগত ২৭ রানে ফারহান আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪ ওভারের ব্যবধানে আরও ৩টি উইকেট হারায় তারা। অধিনায়ক মহম্মদ রিজওয়ানও দ্রুত সাজঘরে ফেরেন।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মূল নায়ক নাহিদ রানা। মাত্র ২৯ বলের স্পেলে তুলে নেন ৫টি উইকেট। যার মধ্যে সালমান আঘার উইকেটটি ছিল দেখার মতো। লোয়ার অর্ডারের ব্যাটাররাও বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ১১৪ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। তাসকিন আহমেদও একটি উইকেট দখল করেন।

দলের ব্যর্থতা ঢাকতে এবার বাবর আজম, সাইম আইয়ুব ও নাসিম শাহকে বাদ দিয়ে ছয়জন নতুন মুখ নিয়ে দল সাজিয়েছিল পাকিস্তান। কিন্তু মীরপুরের উইকেটে অভিজ্ঞতার অভাব স্পষ্ট ফুটে উঠল। চাপের মুখে নবাগতদের কেউ হাল ধরতে পারেননি।

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে রয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান দাপটের সঙ্গে খেলছেন। শাহিন শাহ আফ্রিদি কিংবা ফাহিম আশরাফ, পাকিস্তানের কোনো বোলারই বাংলাদেশি ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। জয়ের জন্য প্রয়োজনীয় রান এখন সময়ের অপেক্ষা মাত্র। ঘরের মাঠে দাপুটে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *