মুখ্যমন্ত্রীর আই-প্যাক অফিসে ইডির হানা! মালদহে তুলকালাম, রাজপথে নামল তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
আই-প্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ ও ধিক্কার মিছিল বের করা হয়। ইডির এই পদক্ষেপকে ‘বিজেপি পরিচালিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা স্লোগান দেন। গোটা বুলবুলচন্ডী এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলটি জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখে।
মিছিলে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মন্ডলসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। স্বপন সরকার অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই হানা চালানো হয়েছে। আই-প্যাক অফিসে আচমকা তল্লাশির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইডি ও বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা।

