লেটেস্ট নিউজ

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ, জল্পনা উড়িয়ে লোকভবনে মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে শনিবার লোকভবনে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের সন্ধ্যায় রাজ্যপালের পূর্ব আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে যান তিনি। লোকভবনে প্রবেশের মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই সাক্ষাতের পিছনে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই; এটি স্রেফ একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।

এর আগে শপথগ্রহণের দিন রাজভবনে প্রথাগত চা-চক্র না হওয়ায় কিছুটা দূরত্বের আভাস মিলেছিল। তবে এদিন মুখ্যমন্ত্রীকে সস্ত্রীক অভ্যর্থনা জানান রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের স্ত্রীকে উত্তরীয় পরিয়ে সৌজন্য বিনিময় করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পৌঁছানোর ঠিক আগেই বিজেপি নেতা সুকান্ত মজুমদার লোকভবন থেকে বের হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল, যা মুখ্যমন্ত্রী নিজেই নাকচ করে দেন।

রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের এই বৈঠক ঘিরে প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। অতীতে এসআইআর ইস্যু ও রাজ্যপাল নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেও, এদিনের বৈঠক ছিল হৃদ্যতাপূর্ণ। রাজ্যপালকে ‘বাংলার আতিথেয়তা’র কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে, রাজনৈতিক মতভেদ থাকলেও সাংবিধানিক সৌজন্য বজায় রাখতে তিনি বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *