মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ঘিরে সংসদ সচিবালয়ের নীরবতা, আঁতাতের অভিযোগে সরব তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিরোধী দলগুলোর ‘পত্রবোমা’র মুখে কার্যত দিশেহারা সংসদ সচিবালয়ের দুই কক্ষ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহার, নির্বাচনী জালিয়াতি রুখতে ব্যর্থতা এবং বাংলায় ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগে তাঁর অপসারণ দাবি করেছেন বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ে জমা পড়া এই নোটিশ নিয়ে দীর্ঘ দুই সপ্তাহ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সংসদীয় গণতন্ত্রকে অবমাননার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে প্রায় ১৯৩ জন সাংসদ এই দাবিতে স্বাক্ষর করেছেন। নিয়মানুযায়ী প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর থাকা সত্ত্বেও সরকার পক্ষ চিঠিতে ত্রুটি খুঁজে তা বাতিলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। মূলত রাহুল গান্ধীর প্রবল আপত্তি সত্ত্বেও নিয়োগ পাওয়া জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত এড়াতে এবং পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের নির্বাচন পর্যন্ত সময়ক্ষেপণ করতেই সচিবালয় নীরব রয়েছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে ‘খুল্লামখুল্লা আঁতাত’-এর অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট জানান, ১৪ দিন পার হলেও প্রাপ্তিস্বীকার না করা বা কোনো উচ্চবাচ্য না করা অত্যন্ত নজিরবিহীন। বিরোধীদের দাবি, যদি নোটিশে কোনো ভুল থাকে তবে তা বাতিল করা হোক, নতুবা দ্রুত সংসদীয় প্রক্রিয়ায় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

