লেটেস্ট নিউজ

মুম্বইয়ের কাছে লজ্জার হার কলকাতার, বোলারদের ব্যর্থতায় হতাশ অধিনায়ক রাহানে – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২২০ রান তুললেও বোলারদের অনভিজ্ঞতা ও ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে ম্যাচটি হাতছাড়া হয় কেকেআর-এর। মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকলটনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখিয়েছে কলকাতার বোলিং ব্রিগেডকে।

ম্যাচ শেষে পরাজয়ের গ্লানি নিয়ে অধিনায়ক অজিঙ্কা রাহানে বোলারদের ব্যর্থতাকে শিক্ষণীয় বলে অভিহিত করেন। তবে ২৫ কোটি টাকার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে বোলিং না করানো এবং পাওয়ার প্লে-তে সুনীল নারিনকে দেরিতে আনার সিদ্ধান্তে রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রিনকে বল না করানো প্রসঙ্গে রাহানে পরোক্ষভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে আঙুল তুলে নিজের হতাশা প্রকাশ করেছেন।

ব্যাট হাতে অধিনায়ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশী অর্ধশতরান করলেও শেষরক্ষা হয়নি। বড় রান তাড়া করতে নেমে মুম্বই অনায়াস জয় তুলে নেয়। আগামী ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম জয়ের খোঁজে দুই দলই এই ম্যাচে মরিয়া হয়ে লড়াই করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *