মুম্বইয়ের পথে কৃষকদের ‘লং মার্চ’, বৈঠক ডাকল সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বই: জমির অধিকার ও সেচ সমস্যার মতো একগুচ্ছ দাবিতে উত্তাল মহারাষ্ট্র। নাসিক থেকে হাজার হাজার কৃষক ও আদিবাসী মানুষের শুরু করা ‘লং মার্চ’ মুম্বইয়ের দিকে যত এগোচ্ছে, ততই বাড়ছে অস্বস্তি। আন্দোলনের এই প্রবল চাপে পড়ে অবশেষে কৃষকদের আলোচনার টেবিলে ডাকল মহারাষ্ট্র সরকার।
অল ইন্ডিয়া কিষান সভা (AIKS)-এর নেতৃত্বে রবিবার শুরু হওয়া এই মিছিলে সামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। গত দুই দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলবার সকালে মিছিলটি কাসারা ঘাটে পৌঁছায়। প্রাক্তন বিধায়ক জে পি গাভিত জানিয়েছেন, সংবাদমাধ্যমে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ায় সরকার তড়িঘড়ি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করার কথা সরকারি আধিকারিকদের।

