লেটেস্ট নিউজ

মুর্শিদাবাদে প্রচারের শঙ্খনাদ: ২৬ মার্চ খড়গ্রামে মমতা, ২৯ মার্চ নওদাই অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে মুর্শিদাবাদ জেলাকে পাখির চোখ করল তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ মার্চ খড়গ্রামের নগরের পীরতলা মাঠে জনসভার মাধ্যমে জেলায় নির্বাচনি প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী আশিস মার্জিতের সমর্থনে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসন ইতিমধ্য়েই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর সফরের রেশ কাটতে না কাটতেই আগামী ২৯ মার্চ নওদায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী শাহিনা মমতাজ খানের সমর্থনে আয়োজিত এই সভা থেকে তিনি জেলাবাসীকে বিশেষ বার্তা দেবেন বলে জানা গেছে। দলীয় সূত্র অনুযায়ী, তৃণমূলের এই দুই শীর্ষ নেতা মুর্শিদাবাদ জেলায় সব মিলিয়ে অন্তত আটটি জনসভা করবেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগাতার সফর দলের জয় নিশ্চিত করবে। বিদায়ী বিধায়ক খলিলুর রহমান জানান, সাধারণ মানুষ দলনেত্রীর বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। অন্যদিকে, বিজেপির রাজ্য কমিটির সম্পাদক শাখারভ সরকার শাসক দলের এই প্রচারকে কটাক্ষ করে দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন। তবে পালটা জবাবে তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, বসন্তের কোকিলের মতো নয়, মুখ্যমন্ত্রী নিয়মিত জেলা সফরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *