মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা: ছেলেকে বিষ খাইয়ে আত্মঘাতী মা, মৃত দুই – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। চরম আর্থিক অনটন ও মানসিক অবসাদের জেরে নিজের মূক-বধির ছেলেকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করলেন মা। শুক্রবারের এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদের নাম দোলন রায় ও তাঁর ২৬ বছর বয়সি ছেলে অভিজিৎ রায়। দোলনদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। বিশেষভাবে সক্ষম ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন। অভাবের সংসারে চরম হতাশা থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

