মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে ব্যাপক সংঘর্ষ: জারি ১৬৩ ধারা, রণক্ষেত্র জঙ্গিপুর – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জ থানার ম্যাকেঞ্জি পার্ক এলাকায় মিছিলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তেই সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয় এবং দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন রঘুনাথগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করেছে।
সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সিসাতলা ও ফুলতলা মোড় এলাকায়। অভিযোগ, কয়েকশো মানুষের একটি দল মিছিলে আচমকা পাথরবৃষ্টি করলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। এর প্রতিবাদে উত্তেজিত জনতা স্থানীয় বেশ কিছু ফলের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাফ (RAF) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় রুট মার্চ চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সব পক্ষই।

