মুর্শিদাবাদে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কিনারা করে জালে উত্তরপ্রদেশের ছয় ডাকাত
মুর্শিদাবাদের সূতি থানার মদনা এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া ভয়াবহ জুয়েলারি ডাকাতির রহস্য উন্মোচন করল পুলিশ। উত্তরপ্রদেশের বদাউন জেলার একটি কুখ্যাত গ্যাঙের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সুনীল, বিজয় সিং ও শ্যাম সুন্দরের পাশাপাশি সোনি, প্রিয়াঙ্কা ও রুবি নামে তিন মহিলাও রয়েছে। বুধবার জঙ্গিপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার অমিত কুমার সাউ এই সাফল্যের কথা জানান।
তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই চক্রটিকে পাকড়াও করা হয়েছে। ধৃতরা পরিকল্পিতভাবে মদনা এলাকার ওই দোকান থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুটে চম্পট দিয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত অলঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে। এই সংগঠিত অপরাধী চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত জারি রেখেছে সূতি থানার পুলিশ।

