মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ না দিলে খেলা বানচালের হুমকি ধর্মগুরুর
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণের বিরুদ্ধে সরব হয়েছেন উজ্জয়িনী মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ। কেকেআর ৯ কোটি ২০ লক্ষ টাকায় এই পেসারকে দলে নিলেও ওপারের নৃশংস ঘটনা নিয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ বাড়ছে। মহাবীর নাথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মুস্তাফিজুরকে দল থেকে না সরালে হিন্দুত্ববাদীরা মাঠে ঢুকে খেলা পণ্ড করে দেবে।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর মৌলবাদীদের হামলায় দীপু দাসসহ একাধিক সংখ্যালঘু আক্রান্ত হলেও ক্রিকেট মহলের নীরবতা মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকদের একাংশ। উজ্জয়িনীর ধর্মগুরু সাফ জানিয়েছেন, প্রয়োজনে স্টেডিয়ামের পিচ নষ্ট করে আইপিএল বয়কট করা হবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ বা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

