লেটেস্ট নিউজ

মৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৪৫০ কোটি টাকা! শেন ওয়ার্নের সেই গোপন চুক্তির ম্যাজিকে তোলপাড় ক্রিকেট বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

মাঠে বল হাতে ম্যাজিক দেখাতেন তিনি, কিন্তু মাঠের বাইরে তাঁর ব্যবসায়িক বুদ্ধি যে এত তীক্ষ্ণ ছিল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। ২০০৮ সালে আইপিএলের অভিষেক মরসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় এক মাস্টারস্ট্রোক খেলেছিলেন প্রয়াত অজি স্পিনার শেন ওয়ার্ন। তৎকালীন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে করা এক বিশেষ চুক্তির সুবাদে আজ তাঁর পরিবার পাচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা।

সম্প্রতি ১৫ হাজার ৩০০ কোটি টাকার বিশাল মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি। মনোজ বাদালের হাত থেকে মালিকানা যাচ্ছে কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে। আর এই মালিকানা বদলের মুহূর্তেই প্রকাশ্যে এল ওয়ার্নের সেই অবিশ্বাস্য দূরদর্শিতা। চুক্তি অনুযায়ী, প্রতি বছর খেলার বিনিময়ে দলের ০.৭৫ শতাংশ মালিকানা পেতেন ওয়ার্ন। টানা চার বছর খেলার ফলে রাজস্থান রয়্যালসের ৩ শতাংশ শেয়ারের মালিক হয়ে যান তিনি। আজ সেই ৩ শতাংশ শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকায়। ২০২২ সালে চিরবিদায় নিলেও নিজের পরিবারের জন্য এক নিশ্ছিদ্র আর্থিক সুরক্ষা নিশ্চিত করে গিয়েছেন এই ক্রিকেট সম্রাট। বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে ২০২৬ সালের আইপিএল মরসুমের পরেই ওয়ার্নের উত্তরসূরিরা এই বিশাল অঙ্কের অর্থ হাতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *