মৃত্যুর আগে লিফটের ভেতর ঠিক কী ঘটেছিল তা জানতে হাড়হিম করা তদন্তে ফরেন্সিক দল – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড় নিতে পারে ফরেন্সিক রিপোর্ট। লিফট দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আসল কারণ খুঁজতে এবার কোমর বেঁধে নামল তদন্তকারীরা। যান্ত্রিক ত্রুটি নাকি চরম গাফিলতি, সেই রহস্যের জট খুলতে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনাগুলো খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
তদন্তে নেমে ইতিমধ্য়েই তিন লিফট অপারেটর ও দুই নিরাপত্তারক্ষীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে টালা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দায়িত্বে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে শিউরে উঠছেন তদন্তকারীরাও। রিপোর্টে দেখা গেছে, লিফট ও দেওয়ালের মাঝে পিষ্ট হয়ে অরূপবাবুর পাঁজরের হাড় যেমন গুঁড়িয়ে গিয়েছিল, তেমনই ফেটে গিয়েছিল হৃদপিণ্ড ও ফুসফুস। পরিবারের দাবি, দুর্ঘটনার সময় লিফটে কোনও কর্মী ছিলেন না এবং দীর্ঘক্ষণ আকুতি জানালেও বাইরের গ্রিল খোলার কোনও উদ্যোগ নেয়নি কেউ।
এই ভয়ংকর ঘটনার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালের ৩২টি লিফটে এবার থেকে অপারেটর ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কেন আগে থেকেই এই মরণফাঁদ চিহ্নিত করা গেল না। ফরেন্সিক রিপোর্টেই লুকিয়ে আছে আসল সত্য।

