লেটেস্ট নিউজ

মৃত ঘোষিত নবজাতক শেষকৃত্যের আগে জীবিত! স্বরূপনগরে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এক নার্সিংহোমের চরম গাফিলতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে স্বরূপনগর থানার বারঘরিয়া গ্রামের রুবিনা পারভিনকে বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত মাসের এক শিশুর জন্ম হয়। পরিবারের অভিযোগ, জন্মের কিছুক্ষণ পরেই চিকিৎসকরা নবজাতককে মৃত বলে ঘোষণা করেন এবং দেহটি তুলে দেন।

মর্মান্তিক এই ঘটনার পর শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে পরিবার। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ শিশুটিকে নড়াচড়া করতে দেখে পরিবারের সদস্যরা চমকে ওঠেন। তড়িঘড়ি তাকে নিয়ে পুনরায় ওই নার্সিংহোমে ছোটেন স্বজনরা। অভিযোগ, সেই সময় সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। বর্তমানে শিশুটিকে বসিরহাট জেলা হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট নার্সিংহোমের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সাত মাসের গর্ভবতী মহিলার কেন তড়িঘড়ি সিজার করা হলো এবং জীবিত শিশুকে কীভাবে মৃত ঘোষণা করা হলো, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। শেখ আলামিন নামে এক আত্মীয় জানান, তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *