মেদিনীপুরে অভিষেকের হুঙ্কার: ‘হার্মাদ ও গদ্দারের’ যোগসাজশ রুখে ১৫-০ জয়ের লক্ষ্য তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা ভোটের আগে মেদিনীপুরের জনসভা থেকে বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ শাণালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, জেলযাত্রা বাঁচাতে ‘গদ্দার’ বিজেপিতে নাম লিখিয়েছেন এবং পুরনো সিপিএমের ‘হার্মাদরাই’ এখন বিজেপির মডেলে পরিণত হয়েছে। অতীতের বাম আমলের সন্ত্রাসের কথা মনে করিয়ে দিয়ে আসন্ন নির্বাচনে জেলার ১৫টি আসনেই জয়ের ডাক দেন তৃণমূলের সেনাপতি।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে অভিষেক জানান, বাংলার আবাসন ও রাস্তার টাকা আটকে রাখা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, বিজেপির লোকজন অতিরিক্ত ফর্ম নিয়ে অফিসে গেলে যেন ‘ডিজে’ বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। উন্নয়নের খতিয়ান নিয়ে মোদী সরকারকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও জানান তিনি।

