লেটেস্ট নিউজ

মেদিনীপুরে বিজেপির প্রচারে স্থবিরতা, বিধানসভা কেন্দ্রজুড়ে ঘাসফুলের একচ্ছত্র আধিপত্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের আর এক মাসও বাকি নেই, অথচ খাস মেদিনীপুর শহরেই বিজেপির নির্বাচনী প্রচার এখনও লক্ষ্য করা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী সুজয় হাজরার নাম অনেক আগে ঘোষণা করে প্রচার শুরু করলেও, বিজেপি মাত্র দুদিন আগে শঙ্কর গুছাইতকে প্রার্থী করেছে। গেরুয়া শিবিরের অন্দরে প্রার্থী নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ ও মান-অভিমান তৈরি হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কর্মীরা সেভাবে মাঠে নামতে পারছেন না বলে রাজনৈতিক মহলের ধারণা।

শহরের ২৫টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় তৃণমূলের পতাকা এবং দেওয়ালে প্রার্থীর নাম শোভা পেলেও বিজেপির উপস্থিতি নগণ্য। মেদিনীপুরের চিড়িমারসাই থেকে গ্রামীণ এলাকা—সর্বত্রই শাসকদলের প্রচার তুঙ্গে। যদিও বিজেপি নেতৃত্ব প্রচারের এই অভাব ঢাকতে রামনবমীর প্রস্তুতিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। দলীয় প্রার্থী শঙ্কর গুছাইত ও মুখপাত্র অরূপ দাস গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে দাবি করেছেন যে, শীঘ্রই সকলে ঐক্যবদ্ধভাবে প্রচারে নামবেন।

অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়া এই আসনে তৃণমূল এবার জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। তৃণমূল নেত্রী মৌ রায়ের মতে, শহর ও গ্রাম সর্বত্রই সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। বিজেপির ঘরোয়া বিবাদ ও দেরিতে প্রার্থী ঘোষণা ভোটারদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন মান-অভিমান কাটিয়ে কর্মীদের এককাট্টা করে নির্বাচনী ময়দানে নামাই বিজেপি প্রার্থীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *