লেটেস্ট নিউজ

মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিলেন বরুণ ধাওয়ান, অভিনয় থেকে নিচ্ছেন দীর্ঘ বিরতি – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান বিনোদন জগত থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘বর্ডার ২’-তে মেজর হোশিয়ার সিংহ দাহিয়ার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হলেও, এবার ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিচ্ছেন অভিনেতা। মূলত নিজের পরিবারের সঙ্গে এবং বিশেষ করে মেয়ে লারার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে ‘বর্ডার ২’ ছবির ‘ঘর কব আওগে’ গানটিতে বরুণের অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সমালোচনা হলেও বক্স অফিসে ছবিটি দারুণ সফল হয়। ২৩ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিকুয়্যাল ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৩৩৫ কোটি টাকা আয় করেছে। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, বিরতিতে যাওয়ার আগে বড় পর্দায় বরুণকে আরও একবার দেখা যাবে।

পরিচালক ডেভিড ধাওয়ানের আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ হতে চলেছে বিরতির আগে বরুণের শেষ প্রজেক্ট। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর। যশ অভিনীত ‘টক্সিক’ ছবির সঙ্গে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে আগামী ১২ জুন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এই ছবিতে নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘বিবি নং ১’-এর একটি সুপারহিট গানের রিমিক্স ভার্সনও থাকছে। এই ছবির কাজ শেষ করার পরই অনির্দিষ্টকালের জন্য লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে সরে যাবেন বরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *