লেটেস্ট নিউজ

মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন কসবায়, চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার ভোরে কলকাতার কসবা থানা এলাকার বোসপুকুর রোডে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে ৪২ বছর বয়সী স্বপ্না সিংকে তাঁর স্বামীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশি তদন্তে জানা গেছে, ভোর আনুমানিক ৪টে নাগাদ দম্পতির মধ্যে চরম বিবাদ শুরু হয়। সেই সময় অভিযুক্ত স্বামী বিনোদ সিং তাঁর মেয়ের সামনেই স্ত্রীর ওপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় স্বপ্না দেবী মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শী কিশোরী মেয়ের বয়ান অনুযায়ী পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

মৃতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত বিনোদ সিংকে গ্রেফতার করেছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটল এবং এর নেছনে দীর্ঘদিনের কোনো অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুনর্গঠনের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *