মেলবোর্নে আলকারাজ-ঝড়: জেরেভকে হারিয়ে ফাইনালে স্প্যানিশ তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় পাঁচ ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। প্রথম দুই সেটে দাপট দেখালেও পরে ঘুরে দাঁড়ান জেরেভ। দীর্ঘ র্যালি আর রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৭, ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন আলকারাজ।
ক্লান্তি ও শারীরিক অস্বস্তি কাটিয়ে পঞ্চম সেটে মানসিক দৃঢ়তার পরিচয় দেন বিশ্বের এক নম্বর তারকা। জেরেভের শক্তিশালী সার্ভ রুখে দিয়ে নাটকীয়ভাবে ম্যাচ পকেটে পোরেন তিনি। জেরেভ লড়াকু পারফরম্যান্স দেখালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে আলকারাজের আগ্রাসী কৌশলের কাছে হার মানতে বাধ্য হন। এই জয়ের ফলে খেতাব জয়ের শেষ ধাপে পা রাখলেন স্প্যানিশ সেনসেশন।

