মেসিকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটছে না, টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রবল সংশয় – এবেলা
এবেলা ডেস্কঃ
যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্তাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সফর ঘিরে তৈরি হওয়া জটিলতা এখন আদালতের দোরগোড়ায়। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কি না বা আয়োজক শতদ্রু দত্ত সেই দায়ভার নেবেন কি না, তা নিয়ে আইনি লড়াই চলছে। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট বিচারক অনুপস্থিত থাকায় প্রক্রিয়াটি সাময়িকভাবে পিছিয়ে গিয়েছে। ফলে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হলো।
আদালতে শুনানির এই পর্যায়ে শতদ্রু দত্তর আইনজীবী দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদনের তীব্র বিরোধিতা করেছেন। টাকা ফেরতের দাবিতে যে আইনি আবেদন জানানো হয়েছিল, তাতে আপত্তি জানানোয় বিষয়টি নতুন মোড় নিয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপের ওপর এখন ঝুলে রয়েছে হাজার হাজার ফুটবল প্রেমীর ভাগ্য। আইনি জটিলতার গেরোয় শেষ পর্যন্ত দর্শকরা তাদের প্রাপ্য অর্থ ফিরে পাবেন কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

