মোদির ‘রিফর্ম এক্সপ্রেস’: বাজেটে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের মেগা প্ল্যান! – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর সরকারের পরিচয় এখন ‘রিফর্ম এক্সপ্রেস’। গত ১১ বছরের সংস্কারের ধারাকে এবার দ্বিগুণ গতিতে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আর প্রধানমন্ত্রীর সেই বার্তার প্রতিফলন দেখা যেতে চলেছে আগামিকালের বাজেটে। সূত্রের খবর, এবারের বাজেটের মূল লক্ষ্য হতে চলেছে সরকারি সংস্থার বেসরকারিকরণ এবং বড় ধরনের আর্থিক সংস্কার।
রাষ্ট্রায়ত্ত তকমা হারানোর পথে একাধিক সংস্থা?
বৃহস্পতিবারের আর্থিক সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছে যে, সরকার এখন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে নিজেদের অংশীদারিত্ব ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে মরিয়া। বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির সীমা যেভাবে ধাপে ধাপে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে, সেই একই মডেলে এবার অন্যান্য সরকারি সংস্থার বিলগ্নিকরণ হতে পারে।
বাজেটে কো ম্পা নি আইন সংশোধনের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল। বর্তমানে রাষ্ট্রায়ত্ত সংস্থায় সরকারের ন্যূনতম ৫১ শতাংশ মালিকানা থাকার যে বাধ্যবাধকতা রয়েছে, তা কমিয়ে ২৬ শতাংশে নামিয়ে আনার পথ প্রশস্ত করা হতে পারে। এর ফলে বহু সংস্থা তাদের ‘সরকারি’ তকমা হারাবে এবং পুরোপুরি বেসরকারি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পথ সুগম হবে। কোন সংস্থাগুলো সরকারি থাকবে আর কোনগুলো থাকবে না, তার একটি নির্দিষ্ট সীমারেখা এই বাজেটেই টেনে দিতে পারেন অর্থমন্ত্রী।
মধ্যবিত্তের পকেটে কি টান পড়বে নাকি স্বস্তি মিলবে?
আয়কর এবং সঞ্চয় নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশছোঁয়া হলেও, বিশেষজ্ঞ মহলের মতে এবার বড় কোনো ‘উপহার’ পাওয়ার সম্ভাবনা কিছুটা ক্ষীণ। তবে বেশ কিছু ক্ষেত্রে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে:
- আয়কর ছাড়: ন্যাশনাল পেনশন পলিসি (NPS), ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, মিউচুয়াল ফান্ড এবং সিনিয়র সিটিজেনদের লগ্নির ক্ষেত্রে নতুন করে আয়কর ছাড়ের ঘোষণা আসতে পারে।
- স্ট্যান্ডার্ড ডিডাকশন: শিল্প মহলের দীর্ঘদিনের দাবি, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হোক। এতে মধ্যবিত্তের হাতে খরচ করার মতো উদ্বৃত্ত টাকা থাকবে, যা পরোক্ষভাবে বাজারে চাহিদা বৃদ্ধি করবে।
- নতুন বনাম পুরনো কর কাঠামো: ২০২৫ সালে আয়কর ও জিএসটিতে বেশ কিছু ছাড় দেওয়া সত্ত্বেও উৎসবের মরশুমে কেনাকাটায় তেমন জোয়ার আসেনি। তাই এবার সরাসরি সাধারণ মানুষের পকেটে নগদের যোগান বাড়াতে নতুন আয়কর কাঠামোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা হতে পারে।
প্রধানমন্ত্রীর ‘রিফর্ম এক্সপ্রেস’ কি সত্যিই সাধারণ মানুষের জীবনে গতি আনবে, নাকি বেসরকারিকরণের ধাক্কায় রাষ্ট্রায়ত্ত কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে— তার উত্তর মিলবে আগামিকাল অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।

