মোদীর ব্রিগেড চলোর ডাক দিয়ে বাংলায় বিজেপির মেগা পরিবর্তন যাত্রা শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় পরিবর্তনের ‘ঢাকে কাঠি’ দিল বিজেপি। ১ মার্চ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ঐতিহাসিক ‘পরিবর্তন যাত্রা’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার মাধ্যমে।
মেগা কর্মসূচির খুঁটিনাটি
- লক্ষ্য: ‘পাল্টাও দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানকে সামনে রেখে ৫,০০০ কিমি পথ অতিক্রম।
- ব্যপ্তি: ৩৮টি সাংগঠনিক জেলা ও ২৩০টিরও বেশি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে এই যাত্রা।
- জনসংযোগ: লক্ষ্য ১ কোটি মানুষের কাছে পৌঁছানো। আয়োজিত হবে ৬৩টি বড় সমাবেশ ও ২৮১টি পথসভা।
- শীর্ষ নেতৃত্ব: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জে পি নাড্ডা ও রাজনাথ সিংয়ের মতো ১০০-র বেশি কেন্দ্রীয় নেতা এই কর্মসূচিতে অংশ নেবেন।
আক্রমণের মূল ইস্যু
বিজেপি এই যাত্রার মাধ্যমে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি, নারী সুরক্ষা এবং প্রশাসনিক ব্যর্থতাকে হাতিয়ার করতে চাইছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ এবং গ্রামীণ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনাকে প্রচারের আলোয় আনা হবে। গেরুয়া শিবিরের দাবি, এই যাত্রাই ২০২৬-এ নবান্ন দখলের পথ প্রশস্ত করবে।

