মোবাইলের টর্চের আলোয় অস্ত্রোপচার, ১২ বছর পর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের গোবন্দি এলাকায় এক যুবকের মৃত্যুর দীর্ঘ ১২ বছর পর অবশেষে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের এপ্রিলে ২৩ বছর বয়সি সলমান বাবের শাহ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
মৃতের মা নাসিম বানুর অভিযোগ, বিদ্যুৎ না থাকায় সে সময় মোবাইলের টর্চ জ্বালিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ছেলের অস্ত্রোপচার করা হয়েছিল। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং চিকিৎসার গাফিলতি থাকা সত্ত্বেও পরিবারকে বিভ্রান্ত করা হয় বলে তাঁর দাবি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার প্রয়োজনীয় নথিপত্র দিতেও অস্বীকার করে বলে অভিযোগ ওঠে।
ছেলের অকাল মৃত্যুর পর ন্যায়বিচারের আশায় নাসিম বানু দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান। তথ্য জানার অধিকার আইন এবং হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে চাপের মুখে অবশেষে পুলিশ তদন্ত শুরু করেছে। চিকিৎসায় গাফিলতি ও দায়িত্বহীনতার বিরুদ্ধে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখছে শোকাহত পরিবারটি।

