লেটেস্ট নিউজ

ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত কেকেআর-এর প্রাক্তন তারকা জাভন সিয়ারলেস – এবেলা

এবেলা ডেস্কঃ

বার্বাডোসে অনুষ্ঠিত ২০২৩-২৪ মৌসুমের ‘বিম১০’ লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে সাময়িকভাবে নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাভন সিয়ারলেস। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটারের পাশাপাশি টাইটানস দলের মালিক চিত্তরঞ্জন রাঠোর এবং কর্মকর্তা ট্রেভন গ্রিফিথকেও বরখাস্ত করা হয়েছে। আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে দুর্নীতি দমন আইন লঙ্ঘনের দায়ে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্তরা ম্যাচের ফলাফল ও পরিস্থিতি প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিয়ারলেসের বিরুদ্ধে চারটি এবং রাঠোরের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া তদন্তে সহযোগিতা না করা এবং সন্দেহজনক প্রস্তাবের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত না করার মতো গুরুতর বিষয়গুলিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই তিন ব্যক্তিকেই আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

জাভন সিয়ারলেস ২০১৮ সালের আইপিএলে কেকেআর-এর হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রতিনিধিত্ব করলেও তিনি কখনোই জাতীয় সিনিয়র দলে জায়গা পাননি। বর্তমানে এই মামলাটি একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মার্কিন ক্রিকেটার অ্যারন জোন্সের নামও জড়িয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তিন অভিযুক্ত ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *