লেটেস্ট নিউজ

যক্ষ্মা নির্ণয়ে আইআইটি খড়্গপুরের বিপ্লব, ১০০ টাকায় মিলবে রিপোর্ট

যক্ষ্মা নির্মূলে বড়সড় সাফল্যের দিশা দেখালেন আইআইটি খড়্গপুরের বিজ্ঞানীরা। অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী ও ডঃ অরিন্দম মণ্ডলের নেতৃত্বে তৈরি হয়েছে একটি বিশেষ এআই ডিভাইস, যা মাত্র ১০০ টাকায় এবং আধ ঘণ্টার মধ্যে টিবি রিপোর্ট প্রদান করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই পোর্টেবল কিটটি লালারস বিশ্লেষণের মাধ্যমে দ্রুত সংক্রমণ শনাক্ত করে স্মার্টফোনের সাহায্যে ফলাফল প্রদর্শন করে।

বর্তমানে প্রচলিত পদ্ধতিতে যক্ষ্মা নির্ণয় বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হলেও, এই নতুন প্রযুক্তি গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে। আইসিএমআর অনুমোদিত গবেষণাগারে এই কিটের কার্যকারিতা ১০০ শতাংশ প্রমাণিত হয়েছে। বর্তমানে খড়্গপুর মহকুমা হাসপাতালসহ দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালে এর চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। স্বাস্থ্যভবনের সবুজ সংকেত মিললেই এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

গবেষকদের মতে, দ্রুত রোগ নির্ণয় করা গেলে আক্রান্তদের দ্রুত সরকারি চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই সস্তার ডিভাইস পৌঁছে দিতে পারলে ‘টিবি মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যপূরণ ত্বরান্বিত হবে। প্রচলিত মান্টু বা কালচার টেস্টের সীমাবদ্ধতা কাটিয়ে এই উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *