যমদূত হয়ে দাঁড়িয়ে ছিল লরি! টোল প্লাজায় ভয়াবহ ধাক্কায় পিষে গেল গাড়ি, মৃত ২ – এবেলা
এবেলা ডেস্কঃ
১৯ নম্বর জাতীয় সড়কে রক্তক্ষয়ী দুর্ঘটনা। টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারল চার চাকার গাড়ি। এই ভয়াবহ সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকসহ দুইজনের, আশঙ্কাজনক অবস্থায় আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রাতে চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী নামে দুই ব্যক্তি দুর্গাপুরের মুচিপাড়া এলাকার একটি হোটেলে মিটিংয়ে যাচ্ছিলেন। টোল প্লাজার কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের দ্রুতগতির গাড়িটি।
প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, চার চাকা গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কা লাগার পর সেটি লরির তলায় ঢুকে কার্যত খেলনা গাড়ির মতো দুমড়ে যায়। তড়িঘড়ি টোল কর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভেতর আটকে পড়া তিনজনকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা গৌতম জানা (৫০) ও গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। চালকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অতিরিক্ত গতি না কি যান্ত্রিক গোলযোগ, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

